সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ খুরমী বিওপির অন্তর্গত কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিষয়টি খুরমী বিওপির বিজিবি টহলদলের নজরে আসার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।