হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. আনজালা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আনজালা উপজেলার পূর্ব মাধবপুর এলাকার জলফু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে রান্নার জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায় আনজালা। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। প্রায় ছয় ঘণ্টা অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।