শিশুদের অধিকার রক্ষায় কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের ফারাবি জাবিন শায়রি। নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকারবিষয়ক সংস্থা KidsRights-এর ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তাঁর নাম রয়েছে। KidsRights-এর তথ্য অনুযায়ী, শায়রির বয়স ১৬ বছর এবং তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।

শায়রি শেরপুরের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়েছেন। পরে তাঁর কার্যক্রম ঢাকায়ও বিস্তৃত হয়। সেখানে তিনি পথশিশুদের অধিকার নিয়ে কাজ শুরু করেন।

শিশুদের জন্য বিদ্যালয়কে ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে গড়ে তোলার ভাবনা থেকে শায়রি ‘সেফ চাইল্ড ক্লাব’ প্রতিষ্ঠা করেছেন। এসব ক্লাবের মাধ্যমে শিশুরা বাল্যবিবাহ, নির্যাতন ও শিশুশ্রমসহ বিভিন্ন সমস্যার কথা জানানোর সুযোগ পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে।

KidsRights-এর তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে বেড়ে ওঠার সময় শায়রি তাঁর আশপাশে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া এবং আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগের অভাব ও দারিদ্র্যের মতো সমস্যাগুলো দেখেছেন। এসব অভিজ্ঞতা তাঁকে শিশুদের অধিকার নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে।

শিশুদের অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে ভিডিওকেও প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন শায়রি। পথশিশুদের জীবন ও অধিকার নিয়ে তাঁর তৈরি ভিডিওগুলোও মানুষের কাছে পৌঁছেছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং শিশুদের অধিকার নিয়ে উল্লেখযোগ্য কাজ করা তরুণদের এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মনোনয়ন দেওয়া হয়।

শায়রির এই মনোনয়ন তাঁর শিশু অধিকারভিত্তিক কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে।