জনগণের ভোগান্তি কমিয়ে সেবা সহজ করার লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সরাসরি সেবাপ্রার্থীদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

​গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ তাঁদের নানান সমস্যার কথা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের উত্থাপিত বিষয়গুলোর মধ্যে ছিল—ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান, শারীরিক অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা এবং নদীভাঙনজনিত নানাবিধ ব্যক্তিগত ও সামাজিক সংকট।

​জেলা প্রশাসক ধৈর্যসহকারে প্রত্যেকের সমস্যার কথা শোনেন এবং আবেদনের প্রকৃতি বিবেচনা করে তাৎক্ষণিক আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি অনেককে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

​উক্ত গণশুনানিতে বিভিন্ন বিষয়ে সহায়তা প্রত্যাশী মোট ২১০ জন সেবাপ্রার্থীকে তাৎক্ষণিক সেবা, দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিষয়ভিত্তিক দ্রুত সমাধানের জন্য অনেক আবেদনকারীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

​জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।