ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ প্রত্যাশী বিদেশি কর্মীদের জন্য ২০২৭ সালের শ্রমিক প্রবেশ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে আবেদনপত্রের প্রাক-প্রস্তুতি বা ‘প্রিকম্পাইলেশন’ কার্যক্রম। এ পর্যায়ে বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ থাকছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে প্রাক-আবেদন ফরম পূরণ শুরু হবে। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন সম্পন্ন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Portale Servizi’-এর মাধ্যমে।

তবে বিদেশি কর্মীরা সাধারণত নিজেরা সরাসরি এই কোটায় আবেদন করেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা অথবা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমোদন বা ‘নুলা ওস্তা’র আবেদন করেন। আবেদন অনুমোদিত হলে কর্মী নিজ দেশে থাকা ইতালীয় দূতাবাস বা সংশ্লিষ্ট কনস্যুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেন।

২০২৭ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি কোটার মধ্যে মৌসুমি ও অ-মৌসুমি কর্মীসহ বিভিন্ন শ্রেণির বিদেশি কর্মীর প্রবেশের সুযোগ রয়েছে।

প্রাক-আবেদন পর্ব শেষ হওয়ার পর নির্ধারিত তারিখে বিভিন্ন ক্যাটাগরিতে ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের জন্য ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি।

ইতালির ২০২৬–২০২৮ সালের ‘Decreto Flussi’ কর্মসূচির আওতায় তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মীর বৈধ প্রবেশের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০টি কোটা রয়েছে।

এদিকে ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কাও রয়েছে। তাই চাকরির প্রস্তাব, নিয়োগকর্তা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা দালালকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন বা ব্যক্তিগত প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট তথ্য সরকারি উৎস থেকে যাচাই করা জরুরি।