হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন এক অসুস্থ বৃদ্ধ বাবার কাছ থেকে জমি-সংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকা এক বৃদ্ধের সামনে কিছু কাগজপত্র রাখা হয়েছে। এ সময় এক নারী ওই বৃদ্ধের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন। ভিডিওতে ওই নারীকে বৃদ্ধের মেয়ে বলে দাবি করা হচ্ছে।

ভিডিও ধারণকারী আরেক নারী ওই ব্যক্তির মেয়ের কাছে হাসপাতালে জমির কাগজ নিয়ে আসার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় তাদের মধ্যে কথোপকথন হয় এবং একপর্যায়ে তাকে সেখান থেকে চলে যেতে বলতেও শোনা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে মন্তব্য করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তির কাছ থেকে সম্পত্তি-সংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে।

তবে ভাইরাল ভিডিওতে দেখা ঘটনার পেছনের প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, ঘটনার স্থান এবং ওই কাগজে কী ধরনের বিষয় ছিল—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।