ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) একটি স্কুল ভবনে এ হামলা চালানো হয়। ভবনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন উদ্ধারকর্মী রয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রতি সোমবার ওই স্কুলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। হামলার দিনও সেখানে সহায়তা নিতে এসেছিলেন অনেকে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, প্রথমে স্কুল ভবনটিতে কয়েকটি বোমা ফেলা হয়। পরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, রাশিয়া শান্তির পরিবর্তে মানুষ হত্যা করছে।

এদিকে জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের কর্মকর্তা রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

অন্যদিকে, এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স