যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের জন্য নতুন করে ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে মিশর।
মিশরীয় রেড ক্রিসেন্টের (ERC) ২৮৯তম ‘জাদ আল-ইজ্জা: ফ্রম ইজিপ্ট টু গাজা’ ত্রাণবহরটি রোববার (৪ অক্টোবর) গাজার উদ্দেশে পাঠানো হয়। পরে বহরটি গাজা উপত্যকায় প্রবেশ করে বলে মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে।
মিশরীয় রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই ত্রাণবহরে খাদ্যসামগ্রী, ময়দা, বিভিন্ন ত্রাণ উপকরণ, চিকিৎসাসামগ্রী এবং হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি রয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
‘জাদ আল-ইজ্জা: ফ্রম ইজিপ্ট টু গাজা’ উদ্যোগের আওতায় মিশরের জাতীয় মানবিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে এসব ত্রাণ পাঠানো হচ্ছে। মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার এ কার্যক্রমে এখন পর্যন্ত ১০ লাখ টনের বেশি ত্রাণ সরবরাহ করা হয়েছে এবং ৭৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এতে অংশ নিয়েছেন।
এর আগে ২৮৮তম ত্রাণবহরে প্রায় ৭০ হাজার খাদ্যঝুড়ি এবং ২৮৭তম বহরে ২ হাজার ২৩১ টনের বেশি মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।
এদিকে গাজার স্বাস্থ্যব্যবস্থার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটি ২ অক্টোবর জানায়, গাজায় কোনো হাসপাতালই বর্তমানে পুরোপুরি কার্যকর নেই। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর দীর্ঘস্থায়ী ঘাটতি স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে আছে।
WHO-এর ফিলিস্তিন ভূখণ্ডের প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, গাজার জন্য পাঠানো চিকিৎসাসামগ্রী ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় গড়ে ৭৪ দিন পর্যন্ত পড়ে থাকছে। কোনো চালান প্রত্যাখ্যাত হলে অনুমোদনের প্রক্রিয়া আবার শুরু করতে হয় বলেও তিনি জানান।





