পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে পদ্মা নদীতে লালন শাহ সেতুর পিলারে একটি নৌকার ধাক্কায় তিনজন পানিতে পড়ে যান। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাকশী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নৌকায় থাকা ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের রকি, লিটন ও ওয়াহাব। তাঁরা ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় ছিলেন।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি নৌকা হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে ছেড়ে লালন শাহ সেতু এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে সেতুর একটি পিলারে ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিনজন পানিতে পড়ে যান।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অপর একজনের সন্ধান পাওয়া যায়নি।
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, ভ্রমণকারীদের বহনকারী নৌকাটি লালন শাহ সেতুর পিলারে ধাক্কা দিলে তিনজন পানিতে পড়ে যান। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।





