শেরপুরের দুই মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া গাজিরখামার ইউনিয়নের ফারজানা এবং নালিতাবাড়ী উপজেলার রাজনগরের হাফসার পড়াশোনার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন, শেরপুর।
দুই শিক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে তারা কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এ অবস্থায় মেধাবী ও অসচ্ছল এই দুই শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন তাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে। পাশাপাশি কলেজে ভর্তি, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে থেকে তাদের সম্ভাবনাকে বিকশিত করার এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।





