রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বরাদ্দের অর্থ দিয়ে আবু সাঈদের বাবা-মায়ের থাকার জন্য নতুন ঘর নির্মাণ, বাড়ির উন্নয়ন এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
মীর শাহে আলম বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণঅভ্যুত্থানের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য তার আত্মত্যাগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহিদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ১১ দলের কর্মসূচি নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি এসব কর্মসূচির সমালোচনা করেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





