কক্সবাজারের টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কমপ্লেক্সের ওয়ালটন ও ভিশন শোরুমসহ অন্তত ৮ থেকে ১০টি দোকান পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নেভাতে গিয়ে এবং তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে টেকনাফ, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।