রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) ত্রুটি সমাধানের পর ১৬ মেগাপাসকেল চাপে এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষার সময় কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভালভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং বিভিন্ন কারিগরি পরামিতি পর্যবেক্ষণ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষাটি পরিচালনা করা হয়।

তিনি বলেন, পিওআরভি পরীক্ষার সফল সমাপ্তি প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে।

ভালভের ত্রুটি সমাধানে গত ২২ সেপ্টেম্বর রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় সমস্যাটির সমাধান করা হয়।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে ভালভটির আরও একটি পরীক্ষা করার কথা রয়েছে। প্রতিটি ধাপের ফলাফল যাচাই করে কমিশনিং কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সূচি অনিশ্চয়তার মধ্যে পড়ে। ত্রুটি সমাধানের পর ১৬ মেগাপাসকেল চাপে সফল পরীক্ষা সম্পন্ন হওয়ায় কমিশনিং কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে।