সৌদি আরবের মদিনা অঞ্চলে ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ বিপুল পরিমাণ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির জাবাল সাইয়িদ এলাকায় অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার মাধ্যমে প্রায় ১১ কোটি টন আকরিক শনাক্ত করা হয়েছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনাক্ত হওয়া আকরিকে ভারী বিরল খনিজের ঘনত্ব উল্লেখযোগ্য। একই সঙ্গে এতে ইউরেনিয়ামের উপস্থিতিও আশাব্যঞ্জক মাত্রায় রয়েছে।
তবে প্রায় ১১ কোটি টন আকরিককে বিশুদ্ধ ইউরেনিয়াম হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এটি বিভিন্ন খনিজসমৃদ্ধ প্রাকৃতিক আকরিকের মোট পরিমাণ, যার মধ্যে ইউরেনিয়ামও রয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে জ্বালানি ও খনিজ সম্পদের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। দেশটির ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ইউরেনিয়াম উত্তোলন এবং বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি উন্নয়নের উদ্যোগও রয়েছে।
নতুন এই খনিজের সন্ধান সৌদির পারমাণবিক জ্বালানি কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটি বেসামরিক পারমাণবিক শক্তি খাত উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও কাজ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদির এই খনিজ আবিষ্কারের খবর সামনে এলো। ফলে দেশটির ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।





