পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারাস। একই সঙ্গে ড্রোন-সংক্রান্ত একটি প্রাথমিক অর্ডারও পেয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিস্তারিত ও আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। পাওয়ারাসের সহপ্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ জানিয়েছেন, সমঝোতাটি চালকবিহীন আকাশযান ব্যবস্থা বা আনম্যানড এরিয়াল সিস্টেমস (UAS) নিয়ে কাজের আওতাভুক্ত।
নিরাপত্তাজনিত সংবেদনশীলতার কথা উল্লেখ করে অর্ডারের বিস্তারিত জানানো হয়নি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে একটি যৌথ প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দেশটিতেই প্রযুক্তি তৈরির সম্ভাব্য উপায় নিয়েও কাজ করা হচ্ছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, পাওয়ারাসের একটি প্রতিনিধিদল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা, উৎপাদন এবং দীর্ঘমেয়াদে সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তবে আইএসপিআরের বিবৃতিতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি উল্লেখ করা হয়নি।
পাওয়ারাস বর্তমানে অরিয়াস গ্রিনওয়ে হোল্ডিংসের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরের শুরুতে এই প্রক্রিয়া শেষ হওয়ার আশা করা হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প ‘আমেরিকান ভেঞ্চারস’ নামে একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে অরিয়াসে অংশীদারত্বের মালিক। একীভূত কোম্পানিতে ওই তহবিলের ৯ দশমিক ৯ শতাংশ মালিকানা থাকার কথা রয়েছে।
তবে পাওয়ারাসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফক্স জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চুক্তি পাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের দুই ছেলের ব্যবসায়িক সম্পৃক্ততা ছিল না। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্রও জানিয়েছেন, তিনি পাওয়ারাসের ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে যুক্ত নন এবং চুক্তিটির আলোচনা বা বাস্তবায়নে তার কোনো ভূমিকা ছিল না।





