ইসরায়েল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশের বর্তমান কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন করার বিষয়ে সম্মতি জানানো হয়।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এ ছাড়া দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং উভয় দেশের বিমান সংস্থার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়েও সম্মতি হয়েছে। আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
ইসরায়েল ও মরক্কো ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। নতুন সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা





