যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে ইরানের হরমুজ প্রণালির এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই তেহরানের পক্ষ থেকে পাল্টা হামলা শুরু হয়।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরানি ড্রোন প্রবেশের তথ্য পাওয়া গেছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে এবং বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় পড়েছে বলে জানানো হয়েছে।

এদিকে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলার দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ঘাঁটির রাডার ব্যবস্থা এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ব্যবহৃত স্থাপনা হামলার লক্ষ্য ছিল।

এ ছাড়া ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

তবে হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশ ও ইরানের সামরিক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতেই এসব খবর প্রকাশ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ