মাত্র এক দিনের ব্যবধানে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে হুথি বিদ্রোহীরা মোখা, হনিশ দ্বীপপুঞ্জ, ধুবাব এবং সর্বশেষ বাব আল-মান্দেব প্রণালির প্রবেশপথে অবস্থিত কৌশলগত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হুথি যোদ্ধারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের ঐতিহাসিক ও কৌশলগত বন্দরনগরী মোখা দখল করে। একই দিনে তারা হনিশ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণও নেয়। এ সময় ইয়েমেনের সরকারি বাহিনী আরও দক্ষিণ দিকে পিছু হটতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের এই দ্রুত অগ্রযাত্রার ঘটনায় ইয়েমেনের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল বৃহস্পতিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানায়।

পরদিন ১১ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে হুথি বিদ্রোহীরা উপকূলীয় শহর ধুবাব এবং সরকারি বাহিনীর শেষ উপকূলীয় ঘাঁটি হিসেবে উল্লেখ করা মুরাদ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

ধুবাবের পতনের কয়েক ঘণ্টার মধ্যেই হুথিদের নৌবাহিনী সমুদ্রে অগ্রসর হয়। এরপর বাব আল-মান্দেব প্রণালির প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ, যা মায়ুন দ্বীপ নামেও পরিচিত, হুথিদের নিয়ন্ত্রণে চলে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনী কোনো প্রতিরোধ ছাড়াই দ্বীপটি থেকে পিছু হটে।

এই অভিযানের পর আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়া দেখা দেয়। ১১ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের হুথিদের অভিযানকে ‘স্মরণীয় বিজয়’ হিসেবে অভিনন্দন জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হয়ে যায় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।