ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েন করা হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলো বর্তমানে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে। ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন করা হলে সেটিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সূচনা হিসেবে দেখা হবে।

রুশ প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। তার দাবি, ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন রাশিয়ার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।

তবে একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়া হুমকি দিচ্ছে না বলেও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, ইউরোপের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ভিত্তি রাশিয়ার নেই এবং ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেওয়ার কোনো ইচ্ছাও মস্কোর নেই।