১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত পথসভায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি লংমার্চের উদ্দেশ্য ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই লংমার্চ কোনো দলীয় দাবি নিয়ে নয়; দেশকে দুর্নীতিমুক্ত করা, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’

তিনি আরও বলেন, আট দফা দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও প্রয়োজনে তা এক দফায় পরিণত হতে পারে।

১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চের বহর। গাজীপুরের পথসভা শেষে বহরটি রংপুরের দিকে রওনা দেয়।

পথে টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।