বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার ঘটনায় আলোচনায় আসা সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে সিফাত আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। শুনানি শেষে তিনি বলেন, তারা সিফাতের জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাত আব্দুল্লাহর বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার যে বিষয়টি নিয়ে তিনি আলোচনায় এসেছেন, তা মামলার এজাহারে উল্লেখ নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে বিষয়টি তোলেননি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তার আইনজীবী। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন এবং শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।
পিপি আরও দাবি করেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবে কাজ করেছেন। ৫ আগস্টের আগেও তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন।





