বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই নিয়োগের সুপারিশ করার আগের পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মে নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ ধাপ রাখার কথা জানানো হয়েছে। অর্থাৎ প্রার্থীদের নিবন্ধন সনদ অর্জনের জন্য নির্ধারিত পরীক্ষার ধাপগুলো সম্পন্ন করতে হবে।

একই সঙ্গে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার পদ্ধতিও বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে এনটিআরসিএর নিয়োগের সুপারিশের ক্ষমতা বাতিল করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই নেওয়া হবে। আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই পরিপত্র জারি করা হবে।

এর আগে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভায় এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ না করার বিষয়ে সিদ্ধান্তের কথা সামনে আসে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, এনটিআরসিএ শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিয়ে শিক্ষক নিবন্ধন প্রার্থী ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।