ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের একটি কোর্সের ৬০টির বেশি উত্তরপত্রের হদিস না পাওয়ায় প্রায় পাঁচ মাস ধরে ফল প্রকাশ আটকে আছে। পরবর্তীতে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গত ২ মে শুরু হয়ে ২০ মে শেষ হয়। সেমিস্টারের ছয়টি কোর্সের মধ্যে পাঁচটির নম্বরপত্র পরীক্ষা কমিটির সভাপতির কাছে জমা পড়লেও ২১০৭ নম্বর কোর্স ‘History of the Modern Europe Till 1848 A.C.’-এর উত্তরপত্রের হদিস পাওয়া যাচ্ছে না।

জানা যায়, গত ১১ মে কোর্সটির উত্তরপত্র অভ্যন্তরীণ পরীক্ষক ড. শাহাবুল আলমের কাছে পৌঁছায়। তিনি ২০ মে মূল্যায়ন শেষে উত্তরপত্রগুলো বিভাগে জমা দেন। পরে বিভাগের কর্মচারী জাবেদ আলী ৬০টির বেশি উত্তরপত্রের বান্ডিলটি বহিরাগত পরীক্ষক ড. এমতাজ হোসেনের কক্ষে রেখে আসেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই উত্তরপত্রগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে, ১৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছিল বিভাগ। তবে পরীক্ষার মাত্র দুই দিন আগে অনিবার্য কারণ দেখিয়ে সূচিটি স্থগিত করা হয়। প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না করে পরবর্তী সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা এবং পরে তা স্থগিত করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তারা একাধিকবার শিক্ষকদের কাছে গেলেও ফল আটকে থাকা ও পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাননি।

পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম বলেন, সঠিক সময়ে মার্কস জমা না হওয়ার বিষয়টি বিভাগকে জানানো হয়। পরে বিভাগ সভা করে তদন্ত কমিটি গঠন করে। তাঁর জানামতে, তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও জমা দিয়েছে।