ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে ইসলামে স্বাগত জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. ইয়াসির আদ দাওসারি।
বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের একটি ছবি প্রকাশ করে ইয়াসির আদ দাওসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
কার্লোসের জন্য দোয়া করে তিনি আরও বলেন, ‘হে আল্লাহ, তাকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন, তার অন্তরকে হিদায়াত দিন, তার ইসলামে বরকত দিন এবং তাকে অবিচলতা ও হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
বিজ্ঞাপন (728×90 (320×50 mobile))
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ব্রাজিলের মুসলিমদের পরিচিত ব্যক্তিত্ব শাইখ জিহাদ হাম্মাদেহর বক্তব্যের বরাতে জানানো হয়, কার্লোস ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলী শাহিন। ব্রাজিল সফরের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাও পাওলোতে শাইখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে তার সাক্ষাৎ হয়।
আলী শাহিনের ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে শাইখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনায় তিনি কার্লোসকে অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করেন।
আলী শাহিনের ঘোষণার পর ইয়েনি শাফাকসহ তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়। এবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ইয়াসির আদ দাওসারিও প্রকাশ্যে কার্লোসকে ইসলামে স্বাগত জানিয়ে তার জন্য দোয়া করেছেন।

