দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শন ও তদারকির দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত জেলা বা উপজেলার হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্বও থাকবে তাদের।
বিজ্ঞাপন (728×90 (320×50 mobile))
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এ ছাড়া হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করে উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন দিতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।
জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমের অগ্রগতিও তদারকি করতে হবে।
অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত হাসপাতাল পরিদর্শন করে পর্যবেক্ষণ ও সুপারিশ সংগ্রহ করতে হবে। এসব পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া চলতি মাসে প্রত্যেক কর্মকর্তাকে কমপক্ষে একটি এবং পরবর্তী প্রতিমাসে অন্তত একটি হাসপাতাল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর সেবার মান, জনবল ব্যবস্থাপনা, উপস্থিতি এবং সার্বিক কার্যক্রমে আরও কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
